রুশ তেলের ওপর বুধবার (২০ মে) নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই পদক্ষেপের ফলে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ চালানোর ক্ষমতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ক্রেমলিনের অর্থের উৎস সংকুচিত করতে এর আগে প্রধানমন্ত্রী স্টারমার বলেছিলেন, তৃতীয় কোনো দেশে শোধন করা রুশ তেল যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না এবং সরকার তা কঠোরভাবে প্রতিহত করবে।
তবে ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় স্টারমার এখন রুশ অপরিশোধিত তেল থেকে উৎপাদিত ডিজেল ও জেট ফুয়েল (উড়োজাহাজের জ্বালানি) আমদানির অনুমতি দিতে যাচ্ছেন।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষে ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে যুক্তরাজ্যের জেট ফুয়েলের প্রায় ৬৫ শতাংশই আসত পারস্য উপসাগরীয় অঞ্চলের শোধনাগারগুলো থেকে, যা মূলত হরমুজ প্রণালি হয়ে পরিবহন করা হতো। যুদ্ধ শুরুর পর জেট ফুয়েলের দাম ১০৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল প্রায় ১৫০ ডলারে গিয়ে ঠেকেছে।
বুধবার এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন কেমি ব্যাডনকসহ দেশটির একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। ব্যাডনক এই পদক্ষেপকে ‘পাগলামি’ বলে অভিহিত করেছেন।