ইরান যুদ্ধের প্রথম দিন দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে মার্কিন হামলায় ধূলিসাৎ হওয়া বালিকা বিদ্যালয়টি ‘ক্রুজ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভেতরে’ ছিল বলে সম্প্রতি দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তার এই দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও ভয়াবহ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই।
বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাগাই লিখেছেন, ‘মিনাবের শাজারেহ তাইয়্যেবাহ প্রাথমিক বিদ্যালয় একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের ভেতরে অবস্থিত ছিল বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড যে দাবি করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং ভয়াবহ মিথ্যা।
‘এই দাবির আড়ালে মূলত গত ২৮ ফেব্রুয়ারির সেই ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহ বাস্তবতাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে হামলায় ১৭০ জনেরও বেশি স্কুলশিক্ষার্থী এবং তাদের শিক্ষকেরা নিহত হন।’
মুখপাত্র জোর দিয়ে বলেন, ‘ক্লাস চলাকালে একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি স্পষ্ট যুদ্ধাপরাধ।’
‘কারিগরি নানা অজুহাত বা ভুল তথ্য দিয়ে এই বেসামরিক স্থানটির পরিচয়কে আড়াল করা যাবে না। যেসব সামরিক কমান্ডার এবং মার্কিন কর্মকর্তা এই নৃশংস হামলার নির্দেশ দিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে,’ যোগ করেন বাগাই।
তথ্যসূত্র: ডন