সমালোচকদের সব তির্যক মন্তব্য গায়ে মাখেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এক জায়গায় তার চরম আপত্তি। হাজারো কটূক্তির মধ্যে ‘বোকা’ বিশেষণকে সবচেয়ে বেশি ঘৃণা করেন এই রিপাবলিকান নেতা। তবে কেউ যদি তাকে ‘মেধাবী অত্যাচারী একনায়ক’ বলে, তাতে তার বিন্দুমাত্র আপত্তি নেই।
শুক্রবার (২২ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক সমাবেশে ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি ‘বোকা’ বিশেষণটিকে এতটাই ঘৃণা করেন যে, সমালোচকদের ভুল প্রমাণ করতে তিনি নিজের চিকিৎসকের কাছে একটি বিশেষ পরীক্ষার দাবি জানিয়েছিলেন।
উপস্থিত জনতাকে ট্রাম্প বলেন, ‘আপনাদের দেখা অন্যতম বুদ্ধিমান মানুষ আমি।’
এরপরই তিনি জনতার দিকে প্রশ্ন ছুড়ে বলেন, ‘আপনারা কি একজন বুদ্ধিমান মানুষকে প্রেসিডেন্ট হিসেবে পেতে চান না?’
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মূলত জনগণের ক্রয়ক্ষমতা নিয়ে আলোচনার জন্য সমাবেশটির আয়োজন করা হয়েছিল। তবে ট্রাম্প নিজের ‘মানসিক সুস্থতা’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের দিকে আলোচনার মোড় ঘোরান।
ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, “তারা (সমালোচকেরা) আমাকে খুব বাজে একটি বিশেষণে আঘাত করে। বলে, ‘সে বোকা মানুষ’। আমি ডাক্তারকে বলেছিলাম, ‘কেউ যদি আমাকে মেধাবী অত্যাচারী একনায়ক বলে, তাতে কিছু আসে যায় না। কিন্তু আমি নিজেকে বোকা হিসেবে শুনতে চাই না’।”
ট্রাম্প চিকিৎসকের কাছে জানতে চেয়েছিলেন, “‘ডাক্তার, এখন আমি কী করতে পারি? এমন কোনো পরীক্ষা আছে, যা আমি দিতে পারি?’”
জবাবে চিকিৎসক বলেছিলেন, “‘হ্যাঁ স্যার, একটি পরীক্ষা আছে। একে বলা হয় কগনিটিভ টেস্ট (বুদ্ধিমত্তার পরীক্ষা)।’ আমি জিজ্ঞেস করলাম, ‘কতজন প্রেসিডেন্ট এই পরীক্ষা দিয়েছেন?’ ডাক্তার বললেন, ‘একজনও না। কেউই সাধারণত এটা দেয় না।’ আমি বললাম, ‘আচ্ছা, এটা দেওয়া কি ভালো নাকি খারাপ? পরীক্ষাটা কি খুব কঠিন?’”
সমাবেশে উপস্থিত জনতাকে এরপর ট্রাম্প জানান, পরীক্ষার প্রশ্নগুলো ‘শুরুতে খুব সহজ’ হলেও শেষের দিকে তা ‘বেশ কঠিন’ হয়ে পড়ে।