পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো মার্কিন সামরিক ঘাঁটির জন্য আর ‘ঢাল’ হিসেবে কাজ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আর কোনো ‘নিরাপদ আশ্রয়’ থাকবে না।
মঙ্গলবার (২৬ মে) নিজের টেলিগ্রাম চ্যানেলে সর্বোচ্চ নেতা এই মন্তব্য করেন বলে জানিয়েছে আল জাজিরা।
খামেনির মন্তব্য এমন সময়ে এলো, যখন নিজেদের মধ্যে চলমান উত্তেজনা অবসানের লক্ষ্যে একটি রূপরেখা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইরান।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘সময়ের চাকা পেছনে ফেরে না। এই অঞ্চলের জাতি ও ভূখণ্ডগুলো আর কখনোই মার্কিন ঘাঁটির জন্য ঢাল হিসেবে ব্যবহৃত হবে না। এই অঞ্চলে কোনো অপকর্ম বা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকার কোনো নিরাপদ আশ্রয় থাকবে না।’
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হন। তবে এখন পর্যন্ত মোজতবা খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি।