ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদারের ঘোষণা দেওয়ার পরপরই লেবাননে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালালে দেশটির প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে আক্রমণ করে হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক অভিযান চালালেও চলমান যুদ্ধবিরতির মধ্যে এবার দেশটির পূর্ব দিকে হামলা শুরু করল ইসরায়েল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) মঙ্গলবার (২৬ মে) জানিয়েছে, তারা পূর্ব লেবাননের বেকা উপত্যকাসহ দেশটির বিভিন্ন প্রান্তে ‘হিজবুল্লাহর অবস্থান’ লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে।
এদিকে ইরানের সমর্থনপুষ্ট লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, পাল্টা জবাব হিসেবে সোমবার তারা দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েলজুড়ে ২২টি ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ইসরায়েলি সেনা, ট্যাংক, সেনাছাউনি ও সামরিক ভবন ছিল।
চলতি মাসের শুরুর দিকে লেবানন ও ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হলেও বিচ্ছিন্নভাবে লড়াই থেমে নেই।
আগের দিন সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল ‘হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত’ এবং সামরিক বাহিনীকে তাদের ওপর ‘চরম আঘাত হানার’ নির্দেশ দেওয়া হয়েছে।
নেতানিয়াহুর দাবি, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৬০০-এর বেশি ‘সন্ত্রাসী নির্মূল’ হয়েছে।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দুই কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গভির লেবাননে সামরিক অভিযান বৈরুত পর্যন্ত বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন।
গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের আগে এবং পরে ইসরায়েলি হামলা মূলত লেবাননের দক্ষিণাঞ্চলে সীমাবদ্ধ ছিল, যেখানে এখনো ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে এবং যেখান থেকে ইসরায়েলের ওপর ড্রোন ও রকেট নিক্ষেপ করা হচ্ছে বলে তেল আবিবের দাবি।
তবে সোমবার সন্ধ্যায় যে বেকা উপত্যকায় হামলা চালানো হয়, তা সিরিয়া সীমান্তবর্তী পূর্ব লেবাননে অবস্থিত।