তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঠিক পরদিনই পশ্চিমবঙ্গের নিজ নির্বাচনী এলাকায় আক্রমণের শিকার হয়েছেন দলটির আরেক সংসদ সদস্য।
এনডিটিভি জানিয়েছে, রোববার (৩১ মে) সকালে হুগলির চণ্ডীতলায় মাথায় আঘাত পান কল্যাণ ব্যানার্জি। ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা গেছে, পুলিশ ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় তার মাথায় আঘাত করা হয়। এরপরই কল্যাণ মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনাস্থলে শ্রীরামপুরের এই সংসদ সদস্যকে কালো পতাকা দেখানো হয় এবং তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়।
ঠিক আগের দিন দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হেনস্তার শিকার হন। এই সংসদ সদস্যকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করা হয়। দেওয়া হয় ‘চোর চোর’ স্লোগান।
তবে কল্যাণ তার ক্ষেত্রে এটিকে সাধারণ মানুষের ক্ষোভ বলে মানতে নারাজ। তিনি সরাসরি বিজেপিকে নিশানা করে ইঙ্গিত দিয়েছেন, এটি তার ওপর প্রতিশোধমূলক হামলা হতে পারে।
অবশ্য এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চণ্ডীতলায় যা ঘটেছিল
ভোট-পরবর্তী সহিংসতার বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ জমা দিতে রোববার সকালে সমর্থকদের নিয়ে চণ্ডীতলায় যান কল্যাণ। চণ্ডীতলা এলাকাটি শ্রীরামপুর লোকসভা আসনের অন্তর্ভুক্ত, যেখান থেকে ২০০৯ সাল থেকে টানা চারবার জয়ী হন তিনি।
ভিডিও ফুটেজে দেখা যায়, কল্যাণ যখন একটি ট্রাকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ঠিক তখন পেছন থেকে কিছু একটা তার মাথায় এসে আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি মাথা চেপে ধরে মাটিতে পড়ে যান।
তার চারপাশে থাকা পুলিশ সদস্যরা তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকা ফাঁকা করার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে তিনি উঠে দাঁড়ালেও নিজের ভারসাম্য ধরে রাখতে পারছিলেন না।
পরবর্তীতে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় কল্যাণের মাথায় একটি সাদা কাপড় বাঁধা দেখা যায়।
এই সংসদ সদস্য পরে অভিযোগ করেন, তার মাথা লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। এই ঘটনাকে তার ওপর ‘হত্যার চেষ্টা’ হিসেবে অভিহিত করে এর জন্য বিজেপিকে দায়ী করেন তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে কল্যাণ বলেন, ‘যানজটের কারণে গাড়ি থেকে নেমে হেঁটে এগোচ্ছিলাম। হঠাৎ ১০-১৫ জন ব্যক্তি স্লোগান দিতে শুরু করে এবং সংঘাতময় পরিস্থিতি তৈরি করে। তারা আমাকে গালিগালাজ করলেও আমি এগিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার মাথায় একটি পাথর ছোড়া হয়।’