যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যে দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিউফোর্ট দুর্গ দখল করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্য দিয়ে গত ২৬ বছরেরও বেশি সময়ের মধ্যে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের সবচেয়ে বড় অনুপ্রবেশ ঘটল।
একই সঙ্গে গত মার্চ মাসে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর এটিই ইসরায়েলের সবচেয়ে বড় আঞ্চলিক বিজয়।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের কাছে একটি পাহাড়ি চূড়ায় অবস্থিত এই ঐতিহাসিক দুর্গ দ্বাদশ শতাব্দীর ক্রুসেড যুগের। আশপাশের গ্রামগুলোতে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর কয়েক দিনের তীব্র লড়াই এবং বিমান হামলার পর দুর্গটির পতন ঘটে।
রোববার (৩১ মে) ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের প্রতি ‘সরাসরি হুমকি’ দূর করতে কয়েক দিন আগে বিউফোর্ট শৈলশিলা ও সুলুকি উপত্যকা এলাকায় অভিযান শুরু করা হয়।
বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী ‘প্রয়োজনে এই অভিযান আরও জোরদার করতে’ প্রস্তুত রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা কিছু ছবিতে এই ঐতিহাসিক দুর্গের বাইরে সেনাদের অবস্থান করতে দেখা গেছে।
দুর্গটি ইউনেস্কো সংরক্ষিত একটি ঐতিহ্যবাহী স্থান। এর আগে ১৯৮২ থেকে ২০০০ সালে সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত ১৮ বছর দুর্গটি দখল করে রেখেছিল ইসরায়েল।
ইসরায়েলের এই সর্বশেষ অগ্রগতির বিষয়ে হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।