পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রাজ্যের ৩৫ বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সোমবার (১ জুন) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। ২৯৪ সদস্যের বিধানসভায় আইন অনুযায়ী একটি সরকারের সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন। সে হিসেবে বর্তমান মন্ত্রিসভায় আরও তিনটি পদ খালি রয়েছে।
নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি।
গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৮টি আসনে জয় পাওয়ার পর রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করে দলটি। এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রথম দফায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু।
গত সপ্তাহে নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্যের বৈঠকের পরই মন্ত্রিসভায় নতুন মুখের আগমনের জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার মধ্যেই সোমবার নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হলো।
নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ পর্যায়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- স্বপন দাশগুপ্ত, দুধ কুমার মণ্ডল, দীপক বর্মন, মনোজ ওরাঁও, গৌরীশঙ্কর ঘোষ, অর্জুন সিং, তাপস রায়, সারদ্বত মুখার্জি, জগন্নাথ চট্টোপাধ্যায় ও শঙ্কর ঘোষ। এ ছাড়া প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) হিসেবে শপথ নিয়েছেন রাজেশ মাহাতা, ইন্দ্রনীল খান ও মালতী রাভা রায়।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, উমেশ রায়, জয়েল মুর্মু, অশোক দিন্দা, আনন্দময় বর্মন, কৌশিক চৌধুরী, গার্গী দাস ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী ও সুমনা সরকারসহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক।