ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে বুধবার (৩ জুন) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পাঁচতলা ভবনটির বেসমেন্টে অবস্থিত মিকাসা ইন হোটেলে সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একাধিক ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়।
এক কর্মকর্তা জানান, জরুরি ফোন পাওয়ার পর দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক-রেসপন্স যানসহ অন্যান্য অগ্নিনির্বাপণ ইউনিট মোতায়েন করা হয়।
ধারণা করা হচ্ছে, ঘটনার সময় ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে অনেকে ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন।
হাউজ রানি এলাকার সরু গলির মধ্যে অবস্থিত হোটেলটির বেজমেন্টে একটি রেস্তোরাঁ ছিল। স্থানীয় বাসিন্দাদের মতে, হোটেলে প্রায় ২৫টি কক্ষ আছে এবং সেখানে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। তাদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশি নাগরিক ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার সময় হোটেলের বেশিরভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন। উদ্ধারকর্মীরা হতাহতদের শনাক্তকরণ এবং ভবনের ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখছেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি