রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি বা মুখোমুখি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্টের কাছে পাঠানো একটি খোলা চিঠিতে তিনি এ আহ্বান জানান।
চিঠিতে জেলেনস্কি বলেন, ইউরোপের এই যুদ্ধে আবারও যুক্তরাষ্ট্রের মনোযোগ ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করাটা ভুল হবে। কেবল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই শান্তি আসতে পারে।
প্রস্তাবিত আলোচনার সময়সীমা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। যদিও যুদ্ধবিরতির বিষয়ে আগেই অসম্মতি জানিয়েছিলেন পুতিন। অন্যদিকে, এই বৈঠকের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি জানান, এই দুই নেতার বৈঠক হলে তা দারুণ হবে।
ক্রেমলিন নিশ্চিত করেছে যে তারা চিঠিটি পেয়েছে এবং পুতিনকে এর বিষয়বস্তু জানানো হবে। তবে জেলেনস্কির পাঠানো ওই চিঠিটি বিদ্রোহী এবং ব্যঙ্গাত্মক সুরেই লেখা হয়েছে, যেখানে সম্প্রতি রুশ ভূখণ্ডে ইউক্রেনের চালানো হামলাগুলোর দিকেও ইঙ্গিত রয়েছে বলে জানা গেছে।
জেলেনস্কি উল্লেখ করেন, ২৬ বছর ক্ষমতায় থাকার পর বয়স এখন পুতিনের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। এ ছাড়া চিঠিতে একটি আমন্ত্রণও জানানো হয়েছে যেখানে জেলেনস্কি লিখেছেন, ‘ইউক্রেন আমাদের অর্থাৎ আপনার এবং আমার, সরাসরি আলোচনার মাধ্যমে এই যুদ্ধ শেষ করার প্রস্তাব দিচ্ছে। আমি একটি বৈঠকের প্রস্তাব করছি।’
যদিও ইউক্রেনীয় নেতার পক্ষ থেকে এটি নতুন কোনো প্রস্তাব নয়, এর আগেও এমনটা হয়েছিল। তর প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছিল, জেলেনস্কি চাইলে মস্কোতে গিয়ে পুতিনের সাথে দেখা করতে পারেন। তবে এবার লক্ষণীয় বিষয় হলো, কিয়েভ প্রকাশ্যে স্বীকার করেছে যে যুক্তরাষ্ট্র পুরোপুরি ইরানের ইস্যু নিয়ে ব্যস্ত।
এদিকে, সেন্ট পিটার্সবার্গে বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন জানান, তিনি নিশ্চিতভাবেই ইউক্রেনের সাথে চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত ও ইচ্ছুক, তবে তিনি এও যোগ করেন যে, উভয় পক্ষকেই ছাড় দিতে হবে।
পুতিন ইঙ্গিত দেন, ট্রাম্প যেহেতু ইরান নিয়ে ব্যস্ত, তাই ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ জেলেনস্কিকে ভূখণ্ড সমর্পণের জন্য রাজি করাতে পারে।
পুতিনের দীর্ঘদিনের অবস্থান হলো, ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার আংশিক দখলে থাকা চারটি অঞ্চল, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা ত্যাগ করতে হবে।