ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক এবং একটি অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন। শুক্রবার (৫ জুন) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এই নিষেধাজ্ঞায় বেশ কিছু প্রতিষ্ঠান, ব্যক্তি ও লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনকারী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি মার্শাল দ্বীপপুঞ্জভিত্তিক, চারটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এবং একটি চীনের প্রতিষ্ঠান বলে অর্থ মন্ত্রণালয়ের বিস্তারিত তথ্যে জানানো হয়েছে। এছাড়া পানামার পতাকাবাহী চারটি ট্যাঙ্কারসহ মোট ছয়টি এলপিজি ট্যাংকারকে এই নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ওপর চাপ বজায় রাখার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগেও বিভিন্ন সময় তেহরানের তেল ও গ্যাস খাতের ওপর নানা ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন।
সূত্র: রয়টার্স