অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার অজুহাতে সরিয়ে ফেলার লক্ষ্যে ইসরায়েলের ‘মরিয়া চেষ্টার’ বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের সংগঠন হামাস।
ইসরায়েলের এই পদক্ষেপকে ‘বিপজ্জনক উসকানি এবং চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে তারা। একই সঙ্গে পবিত্র এই স্থানটিকে রক্ষায় বিশ্ববাসীকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।
বুধবার (১০ জুন) হামাসের পক্ষ থেকে বলা হয়, আল-আকসা মসজিদের ঐতিহাসিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানোর এই প্রক্রিয়া ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ক্ষোভ আরও বাড়িয়ে দেবে।
তারা উল্লেখ করে, মসজিদ চত্বরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত ঐতিহাসিক ডোম অব মোসেসকে সম্প্রতি লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।
ইসরায়েল সরকারের চাপিয়ে দেওয়া এ ধরনের ইহুদিকরণ প্রক্রিয়া ফিলিস্তিনিরা কখনোই মেনে নেবে না বলে জানিয়েছে হামাস।
পবিত্র আল-আকসা মসজিদের ওপর চালানো এই আগ্রাসন বন্ধ করতে আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।
তথ্যসূত্র: আল জাজিরা