১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করতে কানাডা সরকার একটি নতুন ডিজিটাল নিরাপত্তা বিল উত্থাপন করেছে। তবে যেসব প্ল্যাটফর্ম নির্দিষ্ট কিছু নিরাপত্তা মানদণ্ড পূরণ করতে পারবে, সেগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
কানাডা সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, এই বিলের লক্ষ্য একটি ডিজিটাল নিয়ন্ত্রক সংস্থা গঠনের মাধ্যমে এআই চ্যাটবটগুলোকে আরও নিরাপদ করা, যা প্ল্যাটফর্মগুলোর জন্য সুনির্দিষ্ট নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ করে দেবে।
আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের বৈশ্বিক আয়ের ৩ শতাংশ অথবা সর্বোচ্চ ১ কোটি কানাডিয়ান ডলারের (৭২ লাখ মার্কিন ডলার) মধ্যে যেটি বেশি, সেই অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে।
এএফপি ও রয়টার্স বলছে, প্রস্তাবিত এই ‘ডিজিটাল সেফটি অ্যাক্ট’ বা ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে কানাডা বিশ্বের সেইসব দেশের তালিকায় যুক্ত হলো, যারা শিশুদের ক্ষতির আশঙ্কায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।
বুধবার (১০ জুন) এক বিবৃতিতে কানাডার পরিচয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী মার্ক মিলার বলেন, ‘অনলাইন দুনিয়ার ক্ষতিকর দিকগুলো যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, আমরা তা দেখেছি। শিশুদের নিরাপত্তাকে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এআই চ্যাটবটগুলো এমনভাবে তৈরি করা হয়, যা মানুষের মনোযোগ কেড়ে নেয়। এগুলো শিশুদের সুস্থ বিকাশে সহায়তার পরিবর্তে অনেক তরুণ কানাডিয়ানের মধ্যে উদ্বেগ, একাকীত্ব, বিষণ্নতা এবং বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।’
‘এই আইন তরুণ কানাডিয়ানদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করবে। এটি তাদের সশরীরে একে অপরের সঙ্গে যুক্ত হতে, বন্ধুত্ব করতে, পড়াশোনায় মনোযোগ দিতে এবং বাস্তব জীবনের নানা দক্ষতা শিখতে উৎসাহিত করবে, যা তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে,’ যোগ করেন মন্ত্রী।
কানাডার ইতিহাসে অন্যতম ভয়াবহ এলোপাতাড়ি গুলির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করার কয়েক সপ্তাহ পরেই দেশটির পার্লামেন্টে বিলটি আনা হলো।
তাদের অভিযোগ, গত বছরের জুনে চ্যাটজিপিটিতে উদ্বেগজনক কথোপকথনের কারণে অভিযুক্ত ব্যক্তিকে প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার পরও ওই ব্যক্তি হামলার পরিকল্পনা করছিল, এ তথ্য প্রতিষ্ঠানটি জানত, কিন্তু পুলিশকে সতর্ক করেনি।
এদিকে ফ্রান্স, ডেনমার্ক ও পোল্যান্ডও শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিয়মকানুন কঠোর করার কথা ভাবছে।
আর গ্রিস গত এপ্রিলে ঘোষণা দিয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া পুরোপুরি নিষিদ্ধ করবে তারা।