যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি সই হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নের আলোচনার মধ্যে গত ২৪ ঘণ্টায় অন্তত দুই ডজন বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
মেরিন ট্রাফিকের বরাতে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সিএনএন।
এই জাহাজগুলোর মধ্যে পারস্য উপসাগর থেকে বের হওয়া আটটি ট্যাংকার ও দুটি কার্গো জাহাজ এবং ভেতরে প্রবেশ করা আটটি ট্যাংকার ও ছয়টি কার্গো জাহাজ রয়েছে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের হার অনেক কমে গিয়েছিল।
সে তুলনায় গত একদিনের এই সংখ্যা জাহাজ চলাচলের স্পষ্ট ঊর্ধ্বমুখী প্রবণতাকে নির্দেশ করে।
যুদ্ধ শুরু হওয়ার আগে হরমুজ প্রণালি দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ১১০টি জাহাজ যাতায়াত করত।
যুদ্ধ চলাকালে পারস্য উপসাগরে জাহাজের দিকনির্ণয় বা নেভিগেশন সিস্টেমে ব্যাপক গোলযোগ দেখা দেয়, যা জিপিএস স্পুফিং নামে পরিচিত। এর ফলে জাহাজগুলোর প্রকৃত অবস্থান ভুলভাবে দেখাত।
তবে সাম্প্রতিক দিনগুলোতে এই জিপিএস স্পুফিংয়ের মাত্রা লক্ষণীয়ভাবে কমে এসেছে।