মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সামরিক বাহিনী প্রত্যাহার ইরানের ‘কৌশলগত লক্ষ্য’ বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ।
তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো কেমন হবে, তা কেবল এই অঞ্চলের দেশগুলোরই নির্ধারণ করা উচিত।
আজ বুধবার আজারবাইজানের রাজধানী বাকু সফরের সময় গালিবাফ এসব কথা বলেন।
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ‘আমরা এই অঞ্চল থেকে বিদেশি সামরিক বাহিনী প্রত্যাহারকে কৌশলগত লক্ষ্য বলে মনে করি।
‘আমরা এই অঞ্চলের ভবিষ্যৎ সংঘাতের মধ্যে নয়, বরং পারস্পরিক সহযোগিতার মধ্যে দেখি। পশ্চিম এশিয়ায় বহিরাগত শক্তির সামরিক ঘাঁটিগুলোই মূলত অস্থিতিশীলতার প্রধান উৎস।’
ইরানের এই নেতা বলেন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে ইরান সম্পূর্ণ প্রস্তুত।
এসময় লেবানন প্রসঙ্গে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে গালিবাফ বলেন, ইসরায়েলকে অবশ্যই দক্ষিণ লেবাননে তাদের হামলা ও দখলদারিত্ব বন্ধ করতে হবে।
‘সবচেয়ে কঠিন এবং জটিল পরিস্থিতিতেও আমরা আমাদের বন্ধু ও কৌশলগত অংশীদারদের ছেড়ে যাইনি। আমাদের কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি এবং লেবাননে যুদ্ধ বন্ধ হওয়া সমানভাবে গুরুত্বপূর্ণ,’ যোগ করেন তিনি।