জন্মহার কমে যাওয়ার প্রবণতা মোকাবিলায় নতুন মা ও বাবার জন্য বেতনসহ দীর্ঘ ছুটির ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। ২০২৪ সালে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এ সংক্রান্ত একটি বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছিলেন। সরকারের আশা, এই উদ্যোগ জনসংখ্যা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এর আগে ফ্রান্সে প্রথম সন্তানের জন্মের ক্ষেত্রে মায়েরা প্রায় চার মাসের মাতৃত্বকালীন ছুটি পেলেও বাবাদের জন্য ছিল মাত্র ২৮ দিনের ছুটি।
নতুন নিয়ম অনুযায়ী, বিদ্যমান ছুটির পাশাপাশি মা ও বাবা আরও এক থেকে দুই মাসের অতিরিক্ত ছুটি ভাগাভাগি করে নিতে পারবেন। এই অতিরিক্ত ছুটির প্রথম মাসে তারা মোট বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ আর্থিক সুবিধা পাবেন।
নতুন বিধানটি ২০২৬ সালের ১ জানুয়ারি বা এরপর জন্ম নেওয়া শিশুদের অভিভাবকদের জন্য কার্যকর হবে। একই সুবিধা পাবেন দত্তক নেওয়া শিশুদের অভিভাবকরাও।
বর্তমানে ইউরোপজুড়েই জন্মহার উদ্বেগজনক হারে কমছে। ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম গত বছর দেশটিতে জন্ম নেওয়া শিশুর সংখ্যা মৃত্যুর সংখ্যার চেয়ে কম ছিল।
তবে সরকারের এই উদ্যোগকে যথেষ্ট মনে করছে না দেশটির নারীবাদী সংগঠনগুলো। তাদের দাবি, নতুন এই ব্যবস্থা পরিবারে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে খুব বেশি কার্যকর হবে না। কারণ, সাধারণত পরিবারে যাঁর আয় কম, অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনা তাঁরই বেশি থাকে।