বিশ্বকাপের উত্তেজনার মাঝেও মানবিকতার বার্তা দিতে ভোলেননি ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের প্রাণহানি ও দুর্ভোগের ঘটনায় একের পর এক সহমর্মিতার বার্তা দিচ্ছেন তারা।
গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে সাতের বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এতে নিহতের সংখ্যা প্রায় আড়াই হাজারে পৌঁছায়, আহত হন ১১ হাজার মানুষ। ভয়াবহ এই বিপর্যয়ের প্রায় দুই সপ্তাহ পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন।
চলমান ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলার পর ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে নিজের অনুভূতি প্রকাশ করেন মেসি। এর একদিন আগেই একই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন পর্তুগালের তারকা রোনালদো। শুধু সমবেদনা নয়, ভূমিকম্পে পা হারানো আন্দ্রেস মিলেস নামের এক খুদে ভেনেজুয়েলা ভক্তের দীর্ঘদিনের একটি স্বপ্নও পূরণ করেছেন তিনি।
মেসি বলেছেন, ‘আমি ভেনেজুয়েলার সব মানুষকে একটি বড় বার্তা পাঠাতে চাই। আমরা জানি তারা বর্তমানে কী ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। যারা চরম কষ্টের মধ্যে দিয়ে হচ্ছেন, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং কী হবে না হবে, তা নিয়ে এক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, আমি তাদের সবার পাশে আছি। এখান থেকে তাদের সবার জন্য অনেক অনেক শক্তি ও প্রার্থনা রইল।’
অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন আন্দ্রেসের ইচ্ছা ছিল, তার বিশ্বকাপ অ্যালবামের জন্য রোনালদোর একটি অফিসিয়াল স্টিকার সংগ্রহ করা। সেই ছোট্ট স্বপ্ন পূরণ করতে দেরি করেননি পর্তুগিজ মহাতারকা। রোনালদো শুধু স্টিকার পাঠিয়েই থেমে থাকেননি। তিনি আন্দ্রেসের জন্য একটি বিশেষ ভিডিও বার্তাও পাঠান এবং নিজের খেলা সরাসরি দেখার আমন্ত্রণ জানান।
ভিডিওতে রোনালদো বলেন, ‘এই যে আন্দ্রেস, কেমন আছো? তোমাকে একটি বড় হাগ (আলিঙ্গন) পাঠাতে এই ভিডিওটি তৈরি করছি। আমি জানি তুমি আমার অনেক বড় ভক্ত। আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি তোমাকে আমার একটি ম্যাচে আমন্ত্রণ জানাতে চাই। আমরা একসাথে খেলা উপভোগ করতে পারি। তোমার সঙ্গে দেখা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। বন্ধু আমার, শক্ত থেকো।’