ভারতের আলোচিত ভোট কুশলী ও জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের মোট সম্পদের পরিমাণ ৯৬ দশমিক ৬ কোটি রুপি। আর তার স্ত্রীর সম্পদের পরিমাণ ১০১ দশমিক ৯৩ কোটি রুপি।
প্রশান্তের নির্বাচনী হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ভারতের বিহার রাজ্যের বাঁকিপুর আসনের উপনির্বাচনের প্রার্থী প্রশান্ত গতকাল সোমবার তার মনোনয়নপত্র জমা দেন।
হলফনামা অনুযায়ী, প্রশান্তের অস্থাবর সম্পদের পরিমাণ ২২ দশমিক ১৯ কোটি রুপি। অন্যদিকে তার স্ত্রী ড. জাহ্নবী দাসের অস্থাবর সম্পদ রয়েছে ৮৯ দশমিক ৫১ কোটি রুপির।
জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতার সম্পদের বড় অংশই এসেছে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার থেকে। এর মধ্যে বেদাস ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডে তার ১০০ শতাংশ মালিকানা রয়েছে, যার মূল্য ৯৫ কোটি ২৬ লাখ রুপি। এছাড়া ব্যাংকের স্থায়ী আমানত ও বাজারভিত্তিক বিভিন্ন বিনিয়োগে তার ৭ কোটি ৩৬ লাখ রুপির বেশি রয়েছে।
অন্যদিকে অস্থাবর সম্পদের মধ্যে বিহারের রোহতাসে তিন একরের বেশি জমির ওপর একটি পরিত্যক্ত চালকল এবং পাটনার পাটলিপুত্র কলোনি, নয়াদিল্লির বসন্ত বিহার ও গাজিয়াবাদে আবাসিক সম্পত্তি রয়েছে। পাশাপাশি পৈতৃক সম্পত্তিতেও তার অংশীদারত্ব রয়েছে।
হলফনামায় আরও দেখা গেছে, প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আটটি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে, যার বেশিরভাগই ২০২৪ ও ২০২৫ সালে দায়ের করা।
তবে এখন পর্যন্ত তিনি কোনো মামলায় দোষী সাব্যস্ত হননি এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগও (চার্জ) গঠন করা হয়নি।
মামলাগুলোতে বেআইনি সমাবেশ, দাঙ্গা, সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়া, অপরাধমূলক ষড়যন্ত্র থেকে শুরু করে মানহানির মতো অভিযোগ রয়েছে।