রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব গন্তব্যে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ কর্মবিরতির ফলে দূরপাল্লার যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। অনেকেই দীর্ঘ সময় টার্মিনালে অপেক্ষা করেও গন্তব্যের উদ্দেশে রওনা হতে পারেননি।
জানা যায়, সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে হওয়া ওই বৈঠকে পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, শ্রম অধিদপ্তর, মহানগর পুলিশ, শ্রমিক ফেডারেশন এবং বাস মালিক সমিতির একজন করে প্রতিনিধি রাখার বিষয়টি উঠে আসে।
তবে কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি রাখার বিষয়ে আপত্তি জানান শ্রমিকপক্ষের এক নেতা। এ নিয়ে মালিকপক্ষের প্রতিনিধির সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হলে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।
এরপর শ্রমিকরা বাস টার্মিনালে ফিরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। এর ফলে সন্ধ্যার পর থেকে কোনো দূরপাল্লার বাস টার্মিনাল ছেড়ে যায়নি।
রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটিতে মালিকপক্ষের প্রতিনিধি রাখার প্রস্তাবকে কেন্দ্র করেই বিরোধের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।’