অভিজিৎ দিপকের দল ককরোচ জনতা পার্টি (সিজেপি) অভিযোগ করেছে, ক্ষমতাসীন বিজেপির ৩০ থেকে ৪০ জন ‘গুন্ডা’ এবং দিল্লি পুলিশের সদস্যরা যন্তর মন্তরে বিক্ষোভস্থলে অবস্থান নিয়েছে, যাতে সেখানে ‘বিশৃঙ্খলা সৃষ্টি’ করা যায়।
নিজেদের সূত্রের বরাত দিয়ে সিজেপি দাবি করেছে, আন্দোলনকে বিতর্কিত করতে সেখানে ভারতবিরোধী উসকানিমূলক স্লোগান দেওয়ার চেষ্টাও হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ রোববার দেওয়া এক পোস্টে দলটি এ দাবি করে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আমরণ অনশন কর্মসূচির ২১তম দিনে গতকাল শনিবার অধিকারকর্মী সোনম ওয়াংচুককে দিল্লি পুলিশ আন্দোলনকারীদের বাধা সত্ত্বেও তুলে নিয়ে যাওয়ার পর থেকে যন্তর মন্তরে উত্তেজনা চলছে। এ ঘটনার পর একই জায়গায় একই কর্মসূচি শুরু করেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
গত মে মাসে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি।
তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ৫৯ বছর বয়সী সোনম গত ২৮ জুন থেকে অনশন কর্মসূচি শুরু করেন।
রোববার এক্স পোস্টে সিজেপি লিখেছে, ‘সূত্র জানিয়েছে, বিজেপির ৩০ থেকে ৪০ জন গুন্ডা এবং দিল্লি পুলিশের সদস্যরা আমাদের বিক্ষোভস্থলে ঢুকে পড়েছে। তারা আজ ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে।
‘আমাদের এমন ব্যক্তিদের চিহ্নিত করে প্রত্যাখ্যান করতে হবে। তারা সিজেপি বা সোনম ওয়াংচুকের সমর্থক নয়।’
এর কিছুক্ষণ পর এক্সে আরেকটি পোস্টে বিক্ষোভস্থলে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের অস্ত্র হাতে এক পুলিশ সদস্যের ছবি প্রকাশ করে সিজেপি।
এর আগে আগামীকাল সোমবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপির ডাকা সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচিকে ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ হিসেবে অভিহিত করেন সোনম ওয়াংচুক। বর্তমানে তিনি দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন।