ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের অন্যান্য দাবি মেনে নেওয়ার সরকারি আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শনিবার (২৫ জুলাই) তৃতীয় দফায় সরকারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর নয়াদিল্লির যন্তর-মন্তরে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির পক্ষে উপস্থিত ছিলেন মুখপাত্র সৌরভ দাস ও অশুতোষ রাঙ্কা।
সৌরভ দাস বলেন, ‘সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তাই আমরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’
অশুতোষ রাঙ্কা বলেন, ‘৩৬ দিনের আন্দোলনের পর সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’
সিজেপির অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তিনি পদত্যাগ করায় আন্দোলনকারীদের সেই দাবি পূরণ হয়েছে।
এ ছাড়া সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রচলিত বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিজেপি।
ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সরকার ও সিজেপির মধ্যে আলোচনার মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।
সিজেপির প্রতিনিধি দল জানিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সঙ্গে আরও এক দফা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আন্দোলনকারীদের অন্যান্য দাবি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।