জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ সম্প্রদায়ের এক আলোচিত উৎসবে জড়ো হওয়া মানুষের ভিড়ে একটি ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার রাতের এই হামলার পর উৎসবের সব কার্যক্রম ও নির্ধারিত কনসার্ট বাতিল করে দেয় পুলিশ।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বার্লিন পুলিশ জানিয়েছে, তারা একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে; যদিও তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।
পুলিশের দাবি, ওই ব্যক্তির বার্লিনের ইসলামি উগ্রপন্থী চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে।
পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তি পুলিশের পরিচিত। বার্লিনের ইসলামপন্থী গোষ্ঠীর সদস্য হিসেবে আমরা তাকে চিনি। তাকে ধরতে আমাদের জোর তৎপরতা চলছে।’
তবে তিনি সন্দেহভাজনের নাম প্রকাশ করেননি।
এর আগে পুলিশ জানিয়েছিল, হামলায় আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ ঘটনাস্থল থেকে সবাইকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানায়।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত প্রায় ১০টার দিকে একটি সাদা রঙের ভ্যান টিয়ারগার্টেন পার্ক এলাকায় ঢুকে পড়ে। এর আগে উৎসবের একটি মিছিল ওই এলাকার পাশের সড়ক দিয়ে অতিক্রম করেছিল। ভ্যানটি কয়েকজনকে চাপা দেওয়ার পর একটি গাছে গিয়ে ধাক্কা খায়।
ঘটনাস্থলে পুলিশের ঠিক কতজন সদস্য মোতায়েন ছিলেন, তা জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, সেখানে ‘বিপুলসংখ্যক’ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।