ককরোচ জনতা পার্টি (সিজেপি) বলেছে, ‘কোনো আন্দোলনকারীকে একা লড়তে দেওয়া হবে না। আমরা সবাই এই লড়াইয়ে একসঙ্গে আছি।’
ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে গতকাল সোমবার মধ্যরাতে এক বৈঠকের পর তারা এ প্রত্যয় জানিয়েছে।
সিজেপি বলেছে, আন্দোলনকারীদের সুরক্ষায় বিহার ও আসামের পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও দ্রুত একই ধরনের সরকারি নির্দেশ জারি করা হবে বলে আশ্বস্ত করেছে সরকার।
এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের পরিপ্রেক্ষিতে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ফের আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছিল সিজেপি।
এনডিটিভি জানিয়েছে, সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে বিহার ও আসামে এরই মধ্যে জারি করা সরকারি আদেশের কপি সিজেপিকে দেওয়া হয়।
গতকাল সোমবার রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, আটককৃতদের মুক্তি এবং কেন্দ্রীয় সরকারসহ অন্যান্য বিজেপি, এনডিএ-শাসিত রাজ্য থেকে একই ধরনের আদেশ জারির প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে।
সৌরভ বলেন, ‘গতকাল আমাদের সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যে সরকারের প্রতিনিধিরা আমাদের সঙ্গে দেখা করেন। বৈঠকটি প্রায় ২ থেকে ৩ ঘণ্টা স্থায়ী হয়।
‘সেখানে বিহার ও আসাম সরকারের জারি করা আদেশের কপি আমাদের দেখানো হয়, যেখানে এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে কোনো ব্যবস্থা না নেওয়া এবং সব আটক ও গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তির নিশ্চয়তা দেওয়া হয়।’
‘আশা করছি, সমঝোতা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। কোনো আন্দোলনকারীকে একা লড়তে দেওয়া হবে না। আমরা সবাই এই লড়াইয়ে একসঙ্গে আছি,’ বলেন সিজেপির এই নেতা।