হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালিতে সংঘাতের জেরে তেল পরিবহন ব্যাহত হলেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের চেয়ে ৪৪ শতাংশ বেশি মুনাফা করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো।
আল জাজিরার আজ মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বৃহত্তম তেল কোম্পানিটি জানিয়েছে, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে তাদের নিট মুনাফা হয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার।
মূলত পরিশোধিত জ্বালানি, রাসায়নিক পণ্য ও অপরিশোধিত তেলের উচ্চমূল্যের কারণে এই মুনাফা বেড়েছে।
তবে সরকারি পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ের চেয়ে সৌদি আরবে তেল খাতের কার্যক্রম ২৪ দশমিক ৭ শতাংশ কমেছে। এর প্রভাবে দেশটির প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) দ্বিতীয় প্রান্তিকে ৪ দশমিক ৮ শতাংশ কমেছে।
ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে তেল উৎপাদন ব্যাহত হচ্ছে।
এছাড়া হুতিদের বাব আল-মান্দেব প্রণালিতে সৌদি আরবমুখী অবরোধের কারণে দেশটির পূর্ব-পশ্চিম পাইপলাইন, যা লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত, পুরোপুরি কাজে লাগানোর প্রচেষ্টাও বাধাগ্রস্ত হয়েছে।
অবশ্য সৌদি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দাবি করেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা তাদের তেল উৎপাদনে কোনো প্রভাব ফেলেনি।
সাংবাদিকদের মঙ্গলবার আরামকোর প্রেসিডেন্ট ও সিইও আমিন এইচ নাসের বলেন, হুতিদের হামলায় ‘আমাদের সক্ষমতার ওপর উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি’।
এর মধ্যে গত জুলাইয়ে লোহিত সাগর উপকূল এবং অন্যান্য স্থানে আরামকোর কার্যক্রম লক্ষ্য করে চালানো হামলাও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান নাসের।