ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে ১৪ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ১৩ জন ভারতীয়; একজন ইয়েমেনি।
এনডিটিভি জানিয়েছে, গতকাল মঙ্গলবার হামলার পরপরই ইয়েমেনের নিরাপত্তা বাহিনী ১৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে। পরে তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এমএসভি ফাইজে নূরে অলিয়া নামের পণ্যবাহী জাহাজটি হুতিদের নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদেইদাহ থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে হামলার শিকার হয়।
ইয়েমেনের জাতীয় প্রতিরোধ বাহিনী এক বিবৃতিতে জানায়, উপকূলরক্ষী বাহিনী ও নৌ ইউনিটের যৌথ অভিযানে নাবিকদের উদ্ধার করা হয়।
এদিকে ইয়েমেনের জলসীমার কাছে জাহাজটিতে চালানো ‘উসকানিবিহীন’ হামলার নিন্দা জানিয়েছে ভারত।
দেশটির বন্দর, জাহাজ চলাচল ও নৌপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি উল্টে গিয়ে ডুবে যায়। উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং ওই অঞ্চলে ভারতীয় নাবিকদের নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নিতে ডিরেক্টর জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে (ডিজিএমএ) নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সর্বানন্দ লেখেন, ‘প্রতিরক্ষাহীন জাহাজটিতে উসকানিবিহীন হামলার তীব্র নিন্দা জানায় ভারত।
‘মানুষের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমি স্বস্তির সঙ্গে জানাচ্ছি, ১৩ জন ভারতীয়সহ জাহাজের ১৪ জন ক্রুকে ইয়েমেন কোস্ট গার্ড নিরাপদে উদ্ধার করে মোখা বন্দরে নিয়ে গেছে।’