প্রকাশিত :
০৫ আগস্ট ২০২৬, ৯:৩৩:৩৬
রাজধানীতে বুধবার (৫ আগস্ট) ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট ও মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ভোর ৫টা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকা ও খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এলাকায় যান চলাচল সীমিত থাকবে। রাস্তার তীব্র যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ভোর ৫টা থেকে পরের নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে নিম্নোক্তভাবে যানবাহনের প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে। সম্মানিত নগরবাসী ও যানবাহন চালকদের নিম্ন বর্ণিত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বিকল্প সড়কসমূহ
- ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টো রোড ব্যবহার করবেন।
- গোলাপশাহ মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
- সায়েন্সল্যাব ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যানবাহন মিরপুর রোড নিউ মার্কেট ক্রসিং, আজিমপুর ক্রসিং, চাঁনখারপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে অথবা সায়েন্সল্যাব ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যানবাহন বাটা ক্রসিং-কাটাবন ক্রসিং ডানে বামে মোড় নিয়ে হাতিরপুল/নীলক্ষেত পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌছাবে।
- মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউ: মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-বামে মোড় নিয়ে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে যাবে।
- ফার্মগেট টু মানিক মিয়া এভিনিউ ভায়া ইন্দিরা রোড: ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিং এর দিকে যাবে।
- ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে যাতায়াত করবে।
- আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং: আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে।
- এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে আসা যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে যাবে।
- মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭: মানিক মিয়া এভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে যাতায়াত করবে।
- এলিভেটেড এক্সপ্রেসওয়ে: অনুষ্ঠান চলাকালীন যানজট/দূর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।