২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দেকে রূপকথার মতো সাফল্য এনে দেওয়া কোচ বুবিস্তা এবার নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। জাতীয় দলের দায়িত্ব ছেড়ে মরক্কোর শীর্ষ ক্লাব রেনেসাঁ বেরকানের প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন ৫৬ বছর বয়সী এই কোচ।
মঙ্গলবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানায়, বুবিস্তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে। যদিও শুরুতে তিনি একসঙ্গে কেপ ভার্দে ও ক্লাব—দুই দলের দায়িত্ব পালন করবেন, এমন আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই কেপ ভার্দের কোচের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াবেন তিনি।
বিশ্বকাপে বুবিস্তার অধীনে কেপ ভার্দে ছিল অন্যতম বড় চমক। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেই স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় দলটি। শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে হারলেও সাহসী পারফরম্যান্সে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিল তারা।
এবার সেই সফল কোচের সামনে নতুন চ্যালেঞ্জ মরক্কোর ক্লাব ফুটবলে। সাম্প্রতিক বছরগুলোতে রেনেসাঁ বেরকান দেশীয় লিগ ও আফ্রিকান প্রতিযোগিতায় শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এখন দেখার বিষয়, কেপ ভার্দের রূপকথার নায়ক ক্লাব ফুটবলেও একই জাদু দেখাতে পারেন কি না।