হরমুজ প্রণালি আবারও জাহাজ চলাচলের জন্য খুলে যেতে পারে, এমন আশাবাদ তৈরি হওয়ায় গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এ বিষয়ে আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে।
তারা আশা করছেন, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই প্রণালিটি দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হতে পারে।
বিবিসি জানিয়েছে, এই খবরে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ সংকট কিছুটা কমতে পারে বলে ধারণা তৈরি হয়। ফলে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে আসে।
তবে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে একাধিক আলোচনা ব্যর্থ হওয়ায় তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর পড়ছে, কারণ জ্বালানির দাম বেড়ে যাচ্ছে।
মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অপরিশোধিত তেলের দামও ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে নেমে আসে। উভয় ধরনের তেলের দামই ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরান ও ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। আমরা আশা করছি, খুব শিগগিরই সেটি হবে।’
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মঙ্গলবার অথবা বুধবারের মধ্যেই একটি চুক্তি হতে পারে।
সিএনবিসিকে তিনি বলেন, ‘আজ অথবা আগামীকাল প্রণালি খুলে দেওয়া এবং এই সংঘাতকে আরও স্বাভাবিক অবস্থার দিকে নেওয়ার জন্য একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।’
ইরান প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ফি আদায় করবে কি না, এ প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, ‘এটি হবে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করার বিষয়।’
তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অগ্রগতির কথা জানালেও সম্ভাব্য চুক্তির শর্ত সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না এবং এমন কোনো পরিকল্পনাও নেই। বরং তারা মধ্যস্থতাকারী দেশ ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন একটি ব্যবস্থা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে।