লোহিত সাগরের উত্তরাঞ্চলে ইয়ানবু উপকূলের কাছে ওয়াফা নামে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার চালানো এ হামলা সম্পর্কে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ‘নির্ভুলভাবে’ জাহাজটিতে আঘাত হেনেছে।
সারি বলেন, এই হামলা সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের ঘোষিত সামুদ্রিক অবরোধ এবং তাদের ‘অবরোধের জবাবে অবরোধ’ কৌশলের অংশ।
তিনি দাবি করেন, লোহিত সাগরে ২২ জুলাই অবরোধ শুরু হওয়ার পর এ নিয়ে সৌদি আরবের আটটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে হুতিরা।
এছাড়া এখন পর্যন্ত ২৯টি সৌদি তেলবাহী জাহাজকে লোহিত সাগর ও আরব সাগর অতিক্রম করতে বাধা দেওয়া হয়েছে অথবা সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেন হুতিদের এই মুখপাত্র।
সারির ভাষ্য, বাব আল-মান্দেব প্রণালিতে অবরোধ কর্মসূচি সফল হওয়ার পর সৌদি আরব তাদের তেলবাহী জাহাজগুলোকে লোহিত সাগরের উত্তরাঞ্চলে চলাচলের নির্দেশ দেয়।
তিনি বলেন, ‘পরিণতি যাই হোক না কেন’, লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি তেলবাহী জাহাজের ওপর হামলা অব্যাহত রাখা হবে এবং আরও জোরদার করা হবে, যাতে তাদের সমুদ্রপথে চলাচল বাধাগ্রস্ত হয়।
লোহিত সাগরে হুতিদের হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।