বাংলাদেশ জাতীয় দলের প্রাণভোমরা হামজা চৌধুরীকে ঘিরে আবারও দলবদলের গুঞ্জন শুরু হয়েছে। আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাস দাবি করেছে, ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছেড়ে দেশটির শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দেওয়ার পথে রয়েছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
প্রতিবেদন অনুযায়ী, কয়েক দফা আলোচনার পর ব্যক্তিগত শর্তে হামজা ও সাবাহ এফসির মধ্যে সমঝোতা হয়েছে। চুক্তি সম্পন্ন হলে নতুন মৌসুমে আজারবাইজান প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারকে।
গত মৌসুমে হামজা ধারে (লোনে) খেলেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। এর আগে ওয়াটফোর্ডের জার্সিও গায়ে তুলেছেন তিনি। লেস্টার সিটির হয়ে এফএ কাপ, কমিউনিটি শিল্ড এবং ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বর্তমানে হামজার বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।
অন্যদিকে, আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসি এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে খেলছে। ইতোমধ্যে প্রথম দুই রাউন্ড পেরিয়ে তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে দলটি। হামজার দলবদল সম্পন্ন হলে ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও নিয়মিত দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের এই তারকাকে।