রাজধানীতে পৃথক দুটি ঘটনায় মধুমতি ও আলিফ পরিবহনের দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ও রাতে পল্লবী ও উত্তর বাড্ডা এলাকায় এসব ঘটনা ঘটে। এতে মধুমতি পরিবহনের বাসটির ভেতরের অধিকাংশ আসন ও গ্লাস পুড়ে গেছে। অন্যদিকে, উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের বাসটির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১১-এর ব্লক-বি, লাইন-৭, বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন রাস্তার পাশে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মধুমতি পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসটি আংশিক পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও গ্লাস পুড়ে যায়।
এদিকে, একই দিন রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আলিফ পরিবহনের বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পৃথক দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।