আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। তেলের দাম কমে আসা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ায় মূল্যবান এ ধাতুর দাম এক শতাংশের বেশি বেড়েছে। ফলে চলতি সপ্তাহে জানুয়ারির পর সবচেয়ে শক্তিশালী সাপ্তাহিক প্রবৃদ্ধির পথে রয়েছে সোনা।
শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৮৫ দশমিক ৮৯ ডলারে। সপ্তাহজুড়ে সোনার দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইন্যান্সিয়াল ব্রোকারেজ প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা মূল্যস্ফীতির চাপ কমিয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে সোনার বাজারে, ফলে বেড়েছে এ ধাতুর দাম।
অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠান মারেক্স এক প্রতিবেদনে জানিয়েছে, আগস্টজুড়ে সোনার বাজার নিয়ে তারা আশাবাদী। তাদের মতে, আগামী দিনগুলোতে মূল্যবান এ ধাতুর লেনদেন ও চাহিদা আরও বাড়তে পারে।
শুধু সোনাই নয়, আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৪৮ ডলার, প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৫ দশমিক ৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৪ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারেও সোনার দাম উচ্চ অবস্থানে রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।