ভারতের উত্তরের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি বেসরকারি বাস উল্টে নিচের সড়কে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।
আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, বাসটি বৈরাগড় থেকে চাম্বার দিকে যাচ্ছিল। পথে বৈরাগড়-তিসা সড়কের চালুঞ্জ মোড়ের কাছে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচের একটি সড়কে পড়ে যায়।
দুর্গম চুরাহ উপত্যকার ২৭ কিলোমিটার দীর্ঘ এই পাহাড়ি সড়ক অত্যন্ত বিপজ্জনক। সরু পথ ও খাড়া ঢালের জন্য এটি পরিচিত।
চাম্বার পুলিশ সুপার বিজয় সাকলানি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, বাসটিতে দুর্ঘটনার সময় ঠিক কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন।
ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ, হোমগার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যদের নিয়ে গঠিত উদ্ধারকারী দল সেখানে কাজ করছে।
বাস দুর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে গুরুতর আহত ছয়জনকে চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসটির নিচে আরও যাত্রী চাপা পড়ে থাকতে পারেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বর্ষা মৌসুমে ৩০ জুন থেকে ৭ আগস্ট পর্যন্ত হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জন প্রাণ হারিয়েছেন।