ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই বলছে, নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
আগুনে ৬ জন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পিটিআইকে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের সিঁড়ি বেয়ে ওপরের তলায় ওঠা কঠিন হয়ে পড়েছিল।
‘এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’
‘আটকে পড়াদের উদ্ধার করা এবং আগুনের কারণ নির্ধারণ করা আমাদের অগ্রাধিকার। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে এবং কুলিং প্রক্রিয়া (ঠান্ডা করার কাজ) চলছে,’ যোগ করেন তিনি।
পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের প্রধান কার্যালয় হোটেলটির কাছেই অবস্থিত।