ইরানের ওপর ‘ইতিহাসের কঠোরতম’ মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকির জবাবে তা মোকাবিলার কথা জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি বলেছেন, ইরানকে অবশ্যই এই ‘অন্যায় নিষেধাজ্ঞা’ কাটিয়ে ওঠার পরিকল্পনা করতে হবে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল বৃহস্পতিবার ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের ঘোষণা দেন।
তিনি জানান, এসব পদক্ষেপের বিস্তারিত আগামী সোমবার প্রকাশ করা হবে।
এর ফলে বড় ধরনের নতুন সামরিক অভিযানের প্রয়োজন কমে আসতে পারে বলে মনে করেন মার্কিন অর্থমন্ত্রী।
এর প্রতিক্রিয়ায় পরদিন গালিবাফ বলেন, ইরান ও ইরাকের সঙ্গে লড়াইয়ে মার্কিন প্রশাসন জয়ী হতে পারবে না, এ সিদ্ধান্তে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন অর্থনৈতিক ও ‘মনস্তাত্ত্বিক’ যুদ্ধ চালাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে অনুযায়ী, শুক্রবার নিজের টেলিগ্রাম চ্যানেলে বাগদাদে ইরান ও ইরাকের ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে গালিবাফ বলেন, ‘আপনারা যদি মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামালের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন, আমাদের শত্রুরা এগুলো লুট করতেই এসেছে।
‘সুতরাং, আমাদের অবশ্যই অন্যায় নিষেধাজ্ঞা সামলানোর পরিকল্পনা করতে হবে, যাতে আমরা এগুলো কাটিয়ে উঠতে পারি।’
এসময় বাগদাদ ও তেহরানের মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের আহ্বান জানান ইরানের পার্লামেন্ট স্পিকার।
এছাড়া মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে উভয় দেশ ব্যবসা-বাণিজ্যে নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহার করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।