কারাগারে থাকা পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক অধিনায়কেরা। তার স্বাস্থ্য নিয়ে পাকিস্তান সরকারের কাছে আবারও চিঠি দিয়েছেন বিভিন্ন দেশ ও মহাদেশের ২১ জন সাবেক ক্রিকেটার। গত ছয় মাসে ইমরানের স্বাস্থ্য নিয়ে এটি তাদের দ্বিতীয় চিঠি।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার, কপিল দেব ও দিলীপ ভেংসরকার। এছাড়া অ্যালান বোর্ডার, ইয়ান চ্যাপেল, মাইক গ্যাটিং, অর্জুনা রানাতুঙ্গা, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যান্ড্রু স্ট্রস, অ্যালিস্টার কুক ও ক্লাইভ লয়েডসহ আরও সাবেক তারকারা এতে স্বাক্ষর করেছেন।
চলতি সপ্তাহে ইমরানের সংক্ষিপ্ত চিকিৎসা পরীক্ষার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠিটি পাঠানো হয়। সাবেক ক্রিকেটারদের দাবি, ইমরানের চিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এর আগে গত ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক ইমরানের স্বাস্থ্য নিয়ে পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। এবার সেই আবেদনের ধারাবাহিকতায় নতুন করে চিঠি দেওয়া হলো।
সাবেক ক্রিকেটারদের উদ্বেগের মূল কারণ পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনা। আদালত ইমরানকে হাসপাতালে নিয়ে গিয়ে একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। ওই বোর্ডে তার নিজস্ব চিকিৎসক ও বোন ড. উজমা খানের থাকার কথা ছিল। পাশাপাশি সপ্তাহে একবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগও দেওয়ার নির্দেশ ছিল।
তবে সাবেক ক্রিকেটারদের দাবি, ইমরানকে হাসপাতালে নেওয়া এবং তার চিকিৎসার পুরো প্রক্রিয়া মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শেষ করা হয়। এরপর তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। প্রায় তিন বছর ধরে কারাগারে থাকা ইমরানের স্বাস্থ্য নিয়ে এ কারণেই নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেট তারকারা।