কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্ম থেকে দূরে রাখতে অন্যান্য দেশের পথ ধরে এবার ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আনতে বিল উত্থাপন করেছে নিউজিল্যান্ড সরকার।
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধে গত বছরের ডিসেম্বরে বিশ্বে প্রথমবারের মতো আইন কার্যকর করে অস্ট্রেলিয়া। পরবর্তীতে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপ নেয়। নিউজিল্যান্ডও এখন সেই পথে হাঁটছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি আজ মঙ্গলবার জানিয়েছে, নিউজিল্যান্ডের প্রস্তাবিত এই আইনের বিধান না মানলে মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের বিশ্বব্যাপী মোট আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন বলেন, ‘নিউজিল্যান্ডের এক পুরো প্রজন্মের বাচ্চাদের যে ক্ষতি হচ্ছে, আমরা তা কোনোভাবেই মেনে নিতে পারি না।
‘১৩ থেকে ১৭ বছর বয়সী প্রতি তিনজন শিশুর মধ্যে একজন এখন দিনে অন্তত পাঁচ ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে কাটাচ্ছে।’
‘সোশ্যাল মিডিয়া শিশুদের ক্ষতিকর কনটেন্ট, আসক্তিমূলক প্রযুক্তি এবং এমন সব মানসিক চাপের মুখোমুখি দাঁড় করাচ্ছে, যা সামলানোর বয়স তাদের হয়নি। ফলে এটি তাদের পারিবারিক জীবন, মানসিক স্বাস্থ্য, ঘুম ও পড়াশোনা মারাত্মকভাবে প্রভাবিত করছে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।
ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট ও ফেসবুকের নাম বিশেষভাবে উল্লেখ করে লাক্সন বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বয়স ১৬ বছরের বেশি কি না, তা নিশ্চিত করতে এসব প্ল্যাটফর্মকে ‘যুক্তিসঙ্গত পদক্ষেপ নিতে হবে’।
বয়স যাচাইয়ের জন্য তাদের ‘বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য, মুখমণ্ডল দেখে বয়স অনুমান, ডিজিটাল আইডি সেবা এবং প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র’ ব্যবহার করতে হবে।
এছাড়া প্ল্যাটফর্মগুলোকে তাদের সম্ভাব্য ঝুঁকির মাত্রা মূল্যায়ন করতে হবে এবং তা কমানোর কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে।
নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা থাকবে বলেও জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।