মার্কিন সরকারের মূল্যস্ফীতিসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের আগে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে ভবিষ্যৎ সিদ্ধান্তের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দরে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ৩টা ২৭ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬১৬ দশমিক ৬২ ডলারে নেমে আসে। একই সময়ে ফিউচার মার্কেটে মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৬৭২ দশমিক ১০ ডলারে।
বৈশ্বিক পুঁজিবাজারের পরিস্থিতি তুলে ধরে ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের মতো গুরুত্বপূর্ণ খবরের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এ কারণে তারা আপাতত সতর্কতার সঙ্গে লেনদেন করছেন। ফলে সাময়িকভাবে সোনার লেনদেনের গতিও কিছুটা কমেছে।
কৌশলগত বিনিয়োগকারী প্রতিষ্ঠান স্টোনএক্সের বিশ্লেষণ প্রধান রোনা ও’কনেল বলেন, ফেড সুদের হার অপরিবর্তিত রাখার বা কমানোর সংকেত দিলে মার্কিন ডলারের দর সাময়িকভাবে কমতে পারে। এতে পরবর্তীতে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আবারও বাড়তে পারে।
এদিকে সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও অস্থিরতা দেখা গেছে। প্রতি আউন্স রুপার দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৬৮ দশমিক ৪৬ ডলারে এবং প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৮৫২ দশমিক ০৬ ডলারে নেমেছে।
তবে এর বিপরীতে প্যালাডিয়ামের দাম কিছুটা বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৩৫ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য এবং ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত পরবর্তী ইঙ্গিতই আগামী দিনে সোনাসহ মূল্যবান ধাতুর বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।