পাকিস্তানে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে একটি তিনতলা আবাসিক ভবনে সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু, তিন নারীসহ অন্তত ১৩ জন নিহত ও আরও ১৪ জন আহত হয়েছে। প্রথম রমজানে সেহরির সময় যখন বাসিন্দারা খাবার তৈরি করছিল, তখন বিস্ফোরণটি ঘটে। করাচির সোলজার বাজার এলাকায় বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এটি আশপাশের ভবনগুলোও কেঁপে ওঠে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের নিচতলায় বিস্ফোরণটি ঘটায় কাঠামোর একটি উল্লেখযোগ্য অংশ ধসে পড়ে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে সব ধরনের উপলভ্য সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছেন উদ্ধারকর্মীরা। আহত সবাইকে চিকিৎসার জন্য সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে শিশুরাও রয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি হয়েছে। এটি কোনো গ্যাস সিলিন্ডার অথবা গ্যাস সাকশন মেশিন থেকে ঘটতে পারে।
নিহতদের মধ্যে ১০ বছর বয়সী কন্যাশিশু নাজিয়া এবং ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ রয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জীবিতও উদ্ধার করেছে। ১৪ বছর বয়সী এক কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারীদের ধারণা, এখনো দুজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে। ভবনের চারপাশের সরু গলির কারণে উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন তারা। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করেছে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: জিওনিউজ, এআরওয়াই নিউজ