রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বোমা বহনকারী নারীও রয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির বরাতে বার্তা সংস্থা আরআইএ নভোস্তি বলেছে, গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারের রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহতের পাশাপাশি অন্তত ২১ জন আহত হন।
বিস্ফোরক বহনকারী ওই নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। এসময় বিস্ফোরকটির বিস্ফোরণ ঘটে। এতে ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর এক অতিথি নিহত হন।
বিবিসি জানিয়েছে, রেস্তোরাঁটি স্ট্যালিন আমলে নির্মিত মস্কোর বিখ্যাত আকাশচুম্বী ভবনগুলোর একটিতে অবস্থিত। সেসময় সেখানে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল।
তবে অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন বা হামলার লক্ষ্যবস্তু কে ছিলেন, এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় বহু মানুষকে ঘটনাস্থল থেকে বের করে আনা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, রেস্তোরাঁর রান্নাঘরে বিস্ফোরণ ঘটেছে। পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘ঘটনাটি ঘটেছে ভবনের বাইরে’।
বিস্ফোরণের পর আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কাছাকাছি এলাকায় সাইকেল শোভাযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছিলেন কয়েক ডজন সাইক্লিস্ট। ঘটনার পর সেই কর্মসূচি বাতিল করা হয়।
সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও এর আশপাশে রাশিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে আসছে মস্কো।