প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের ঘটনার সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
তিনি প্রশ্ন তুলেছেন, দেশে কি দুটি আইন চলছে? একই ধরনের ভাষা ব্যবহারের অভিযোগে কেন বিজেপির নেতা বা আইটি সেলের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গতকাল শুক্রবার সিজেপির শেয়ার করা এক ভিডিও বার্তায় অভিজিৎ এ প্রশ্ন তোলেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সিজেপির প্রতিষ্ঠাতা বলেন, একজন নারীর বিরুদ্ধে গালিগালাজের অভিযোগে মামলা করা হয়েছে বলে তিনি জেনেছেন। তবে একই ধরনের ঘটনায় কেন একই পদক্ষেপ নেওয়া হয়নি?
তিনি বলেন, ‘গালিগালাজের জন্য যদি মামলা করা হয়, তাহলে বছরের পর বছর ধরে অনলাইনে নারীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করে আসা বিজেপির আইটি সেলের লোকজনের বিরুদ্ধে মামলা কবে হবে?’
অভিজিতের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক ব্যবহারকারী আছেন, যারা নিজেদের প্রকাশ্যে বিজেপির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে বারবার নারীদের বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন।
সিজেপি নেতার প্রশ্ন, “তারা নারীদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে নানা ধরনের অশালীন শব্দ ব্যবহার করেছেন। অথচ নিজেদের বায়োতে গর্ব করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির অনুসারী’। এমন লোকেরা বহু নারীকে গালিগালাজ করেছেন। তাদের বিরুদ্ধে মামলা কবে হবে?”
অতীতে বিজেপির কয়েকজন নেতার মন্তব্যের প্রসঙ্গও এসময় টেনে আনেন অভিজিৎ।
তিনি বলেন, ‘শুধু বিজেপির আইটি সেল নয়, তাদের সংসদ সদস্য রমেশ বিধুড়িজি একজন সহকর্মী সংসদ সদস্যকে কী ভাষায় আক্রমণ করেছিলেন, তা সবারই মনে আছে।’
এছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি ভিডিওর কথাও উল্লেখ করেন অভিজিৎ।
তার দাবি, ওই ভিডিওতে একজন ক্যামেরাপারসনের উদ্দেশে আদিত্যনাথ অশালীন ভাষা ব্যবহার করেছিলেন।
তিনি বলেন, ‘উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীরও একটি ভিডিও আছে, যেখানে তিনি একজন ক্যামেরাপারসনকে গালিগালাজ করেছেন। তাহলে দেশে কী হচ্ছে? এখানে কি দুটি আইন চলছে? একটি আইন তরুণদের জন্য, আরেকটি বিজেপি ও তাদের নেতাদের জন্য?’