পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯ জন। উদ্ধারকারী কর্মকর্তারা শনিবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের দৈনিক জিও নিউজ জানিয়েছে, ২৩ জন যাত্রীর মধ্যে ৪ জন শিশু ও ৫ জন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে আসছিল। ঘন কুয়াশা এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৮ জন।
পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানিয়েছেন, শুক্রবার রাত ১১টা ২২ মিনিটের দিকে তারা ইমার্জেন্সি কল পান, তারপর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী টিম।
হাফিজ আবদুল রশিদ জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং নিয়ে আসার পর নিহত হন আরও ৭ জন। নিহতদের মধ্যে ৬ শিশু এবং ৫ জন মহিলা রয়েছেন। যাত্রীরা একটি জানাজায় যোগ দিতে যাচ্ছিলেন।
আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত ৯ জনের মধ্যে ২ জনকে খুশাবের টিএইচকিউ এবং ৭ জনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শেহবাজ শরিফ।