অমর একুশে বইমেলার সমাপনী দিন রোববার (১৫ মার্চ)। মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এ ছাড়া প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুভেচ্ছা বক্তৃতা দেবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
প্রতিবারের মতো এবারও অমর একুশে বইমেলায় বাংলা একাডেমি পরিচালিত চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েন উদ্দীন স্মৃতি পুরস্কার ও শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে।
২০২৫ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিকসংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কথা প্রকাশকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২৬ দেওয়া হবে। এ ছাড়া ২০২৫ সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য (প্রকাশিত: কালি-কলম আর কাগজের অড রিসার্চ: ফাউন্টেন পেন-আমিন বাবু), প্রথমা প্রকাশন (শিলালিপি: বাংলার আরবি-ফারসি প্রত্নলেখমালা-মুহম্মদ ইউসুফ সিদ্দিক) এবং দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (বরিশাল এন্ড বেয়ন্ড: এসে’জ অন বাঙলা লিটারেচার-ক্লিনটন বি. সেলি (Essays on Bangla Literature-Clinton B. Seely) মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে।
অন্যদিকে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার পাচ্ছে পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেড। ২০২৫ সালে গুণমান বিচারে সর্বাধিকসংখ্যক শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য এ পুরস্কার দেওয়া হচ্ছে।
সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার পাচ্ছে সহজ প্রকাশ। অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে ২০২৪ বা ২০২৫ সালে মেলায় যেসব প্রতিষ্ঠান প্রথম অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে গুণগতমান বিচারে সর্বাধিকসংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে এ প্রকাশনা সংস্থাকে সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার দেওয়া হচ্ছে।
অমর একুশে বইমেলা উপলক্ষে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার পাচ্ছে: ১. ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স (স্টল নম্বর -৫০৩, ৫০৪), ২. মাত্রা প্রকাশ (স্টল নম্বর ৮৭৩ ও ৮৭৪) ও ৩. বেঙ্গল বুকস (স্টল নম্বর ৬১৭ ও ৬২১)।