তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধুলোমাখা আয়না’ ভারতের তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ২৮টি পুরস্কার অর্জন করেছে। স্বপ্ন ও পারিবারিক দায়িত্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে।
নির্মাতা সূত্রে জানা যায়, ‘সাউথ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘১২তম ইন্ডি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ বিভিন্ন বিভাগে এসব সম্মাননা অর্জন করেছে চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটির গল্পে তুলে ধরা হয়েছে একজন সাধারণ মানুষের জীবনসংগ্রাম। পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের স্বপ্ন বিসর্জন দিতে বাধ্য হওয়া এক ব্যক্তির জীবনের বাস্তবতা এতে ফুটে উঠেছে। জীবিকার তাগিদে নিয়মবদ্ধ জীবনে অভ্যস্ত হতে হতে কীভাবে একজন মানুষ ধীরে ধীরে নিজের স্বপ্ন ও সত্তা হারিয়ে ফেলে, সেই গল্পই তুলে ধরা হয়েছে ‘ধুলোমাখা আয়না’-তে।
চলচ্চিত্রটির রচনা ও পরিচালনা করেছেন মশরাফি সাজিব। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শেখ সায়েম হোসেন। অন্যান্য চরিত্রে রয়েছেন মানিয়া সাদিয়া ও মিনহাজ উদ্দিন নাকিব। বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন মুহাম্মাদ নেসার। চিত্রগ্রহণ করেছেন এম. সাইফুর রহমান। কালার গ্রেডিং, ভিএফএক্স ও আবহসঙ্গীতের দায়িত্ব পালন করেছেন মো. জাহিদুল ইসলাম।
নির্মাতা দলের সবাই তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। সীমিত বাজেট ও শিক্ষার্থী পরিচয়ের মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে এমন সাফল্য অর্জন তরুণ নির্মাতাদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বর্তমানে ইউটিউবের F9 Films চ্যানেলে উন্মুক্ত রয়েছে। একই চ্যানেলে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নির্বাচিত আরও কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বিনামূল্যে দেখা যাচ্ছে।