জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ (শেখ জিসান আহমেদ) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে শেখ জিসান জানান, তিনি জাকসুর সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করছেন। আগামী রোববার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেবেন বলেও উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপাচার্য, উপ-উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিদের নাম ঘোষণার পাশাপাশি ছাত্রদলের একটি গ্রুপের কয়েকজনের নামও ঘোষণা করা হয়। এ নিয়ে ছাত্রদলের অপর একটি গ্রুপ আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় শেখ জিসানের কাছে জানতে চাওয়া হয়, কেন তিনি শুধুমাত্র একটি গ্রুপের নেতাদের নাম ঘোষণা করেছেন। ঘটনার কিছুক্ষণ পরই তিনি ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে শেখ জিসান আহমেদ লেখেন, ‘আমি শেখ জিসান আহমেদ, জাকসুর সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে এই মুহূর্তে পদত্যাগ করলাম। আগামী রোববার প্রশাসন লিখিত কপি পেয়ে যাবে। আমি কখনো রাজনীতি করিনি। রাজনীতির মানুষ নই, ভবিষ্যতেও রাজনীতিতে আসব না। রাজনীতির নোংরামি আমার পছন্দ নয়। ধন্যবাদ জাহাঙ্গীরনগর, সবকিছুর জন্য।’
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।