রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, কিভাবে সহজে এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা? নতুন এই ব্যবস্থায় আইফোন ও এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আলাদা নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সোমবার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়। ঢাকার ১১টি ফিলিং স্টেশনে মঙ্গলবার থেকে মোটরসাইকেলে জ্বালানি দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে।
বলা হয়, আইফোন ব্যবহারকারীরা https://www.fuelpass.gov.bd/ ওয়েবসাইট থেকে ফুয়েল পাস রেজিস্ট্রেশন করতে পারবেন ও কিউআর কোড জেনারেট করতে পারবেন। কিউআর কোড পাওয়ার পর সেটির স্ক্রিনশট নিয়ে ফোনে সেইভ করে রাখতে পারবেন অথবা প্রিন্ট নিয়ে সঙ্গে রাখতে পারবেন। এই কিউআর কোড ফিলিং স্টেশনে স্ক্যান করে জ্বালানি নেওয়া যাবে।
যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, তারাও https://www.fuelpass.gov.bd/ ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিউআর কোড জেনারেট করে তা প্রিন্ট করে (প্রয়োজনে লেমিনেটিং করে) সঙ্গে রাখতে পারেন। এই কিউআর কোড ফিলিং স্টেশনে স্ক্যান করে জ্বালানি নেওয়া যাবে।
ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে। ‘ঘ’ সিরিজের সব গাড়ি ফুয়েল পাসের রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যান্য সিরিজ এরই মধ্যে রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
আগামী ২৮ এপ্রিল থেকে ঢাকার ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। ফিলিং স্টেশনগুলো হচ্ছে, করিম এন্ড সন্স, শাপলা চত্বর, ঢাকা; ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী, ঢাকা; মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা; মেসার্স সততা এন্ড কোম্পানি, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা; মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা; মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, ৮০, শহিদ তাজউদ্দিন আহম্মেদ সরণী, তেজগাঁও, ঢাকা; মেসার্স এস.পি. ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা; সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও, ঢাকা—মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সেবা গ্রিন ফিলিং স্টেশন, উত্তরা—মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; স্যাম অ্যাসোসিয়েট, মিরপুর-০২—মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সুমাত্রা ফিলিং স্টেশন—কালশী রোড, মিরপুর।