সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে হকারদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
শনিবার (২ মে) দুপুরে রাজধানীর বাসাবো এলাকায় রাস্তার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।
ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে হকারদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়া হবে। আগামী পাঁচ বছরে ঢাকা শহরের চেহারা বদলে যাবে। আমি মেয়র নির্বাচিত হলে এই এলাকার কোনো সমস্যা থাকবে না।’
সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘এখন তারা সরকারকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর দুই মাসের কাজে তারা এতটাই আতঙ্কিত যে, এখন সরকারের দুর্নাম করার চেষ্টা চালাচ্ছে।’ তিনি বলেন, ‘তারেক রহমান হতাশ নন, বরং জামায়াতে ইসলামীই হতাশায় ভুগছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।