ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।
জানা যায়, গত ২৬ এপ্রিল শামসাদ আরা সাথী নামে এক নারী ডিএমপি কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, একটি মার্কেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে ওসি গোলাম আজম তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নিয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে শুক্রবার (১ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার হোসেন ওসি গোলাম আজমকে প্রত্যাহারের আদেশ জারি করেন।
মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক কারণে তাকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে ও অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।