জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর পুত্র ড. মোহাম্মদ নাদিমুর রহমান ও ফরায়েজি আন্দোলনের নেতা হাজী শরিয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইনসহ আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদানের কথা ঘোষণা করা হয়।
এদিন তারা ছাড়াও এনসিপিতে আরও যোগ দেন গাজীপুরের শিক্ষানুরাগী এবিএস আরিফ, জুলাইয়ের আহতদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান ও সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সংগঠক সারজিস আলম ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ দলীয় নেতারা।