রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটের একটি ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার (৮ মে) রাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আনোয়ারুল ইসলাম বলেন, কদমতলীর সাদ্দাম মার্কেটের একটি ফোম কারখানায় আগুন লাগে। সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং ৬টা ৪৩ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। দীর্ঘচেষ্টার পর রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভয়াবহ আগুনে পুড়ে যায় আশপাশের কয়েকটি টিনশেড কারখানাও। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় বাসিন্দারাও। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবি করেন কারখানাটির ব্যবস্থাপক।